কুবিদে কাবাব: সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার
ইরানিদের কাছে যদি তাদের প্রিয় খাবারের নাম জানতে চান, তবে নিশ্চয়ই কুবিদে কাবাবের নাম শুনবেন। এটি ইরানের একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত সুস্বাদু খাবার, যা তৈরি করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়।
ইরানিদের জীবনে কাবাবের গুরুত্ব এতটাই বেশি যে, এটি ফারসি সাহিত্যেও স্থান করে নিয়েছে। "কাবাব" শব্দটি ব্যবহার করে বহু প্রবাদ-প্রবচন ও বাগধারা তৈরি হয়েছে। এই খাবারটি এতটাই জনপ্রিয় যে, একে বিশ্বের অন্যতম পরিচিত ও প্রিয় ইরানি খাবার বলা যায়।
কুবিদে কাবাব তৈরির পদ্ধতি
ইরানে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে এবং প্রতিটির রান্নার পদ্ধতি আলাদা। তাই কোনো ইরানি রেস্তোরাঁর মেনু দেখলে নানা ধরনের কাবাবের দীর্ঘ তালিকা চোখে পড়বে।
কুবিদে কাবাব এমন একটি কাবাব, যা কিমা করা মাংস দিয়ে তৈরি করা হয়। অতীতে এই কাবাব তৈরির জন্য মাংস মেশিনে কিমা না করে হাতে পিটিয়ে নরম করা হতো। এই কারণেই এর নাম হয়েছে "কুবিদে", যার অর্থ "পেটানো" বা "থেঁতো করা"।
কুবিদে কাবাব সাধারণত গ্রিল বা কয়লার আগুনে সেঁকা হয়। প্রথমে কাবাবের মিশ্রণ লম্বা ধাতব শিকে লাগিয়ে হাত দিয়ে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়। এরপর আগুনের ওপর ধীরে ধীরে সেঁকে ভালোভাবে রান্না করা হয়। অন্যান্য দেশেও "কুবিদে" নামের কাবাব পাওয়া যেতে পারে, তবে ইরানিদের ঐতিহ্যবাহী রান্নার কৌশল একেবারেই আলাদা, যা এই কাবাবকে অন্য সব কাবাব থেকে স্বতন্ত্র করেছে।
কুবিদে কাবাব তৈরির উপকরণ
চারজনের জন্য প্রয়োজন হবে:
- কিমা করা মাংস – ১ কেজি
- পেঁয়াজ – ২টি
- গুঁড়ো জাফরান – ১ চা-চামচ
- গোলমরিচের গুঁড়ো – আধা চা-চামচ
- লবণ ও সুমাক (Sumac) – স্বাদমতো
সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য কিমা সমান পরিমাণ খাসির পাঁজরের মাংস এবং গরুর রানের মাংস মিশিয়ে তৈরি করা হয়। তবে নিজের স্বাদ অনুযায়ী এই অনুপাত কিছুটা পরিবর্তন করা যায়। কিন্তু শুধু গরুর মাংস ব্যবহার করা ঠিক নয়, কারণ এতে পর্যাপ্ত চর্বি থাকে না। ফলে কাবাব শক্ত হয়ে যেতে পারে এবং শিকে ঠিকমতো লেগে থাকে না।
পেঁয়াজ খুব বড় আকারের না নেওয়াই ভালো। আবার অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করলেও সমস্যা হতে পারে। বেশি পেঁয়াজ দিলে কাবাবের মিশ্রণ নরম হয়ে যায়, ফলে শিকে গাঁথার সময় বা আগুনে সেঁকার সময় কাবাব ভেঙে পড়তে পারে।
কুবিদে কাবাব রান্নার পদ্ধতি
ধাপ ১: উপকরণ প্রস্তুত করা
প্রথমে কুরানো পেঁয়াজ একটি ছাঁকনিতে নিয়ে ভালোভাবে চেপে এর অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন। এতে কাবাবের মিশ্রণ শক্ত থাকবে এবং শিকে লেগে থাকার সম্ভাবনা বাড়বে। এরপর গুঁড়ো জাফরান একটি ছোট পাত্রে নিয়ে তাতে দুই টুকরো বরফ দিন। বরফ ধীরে ধীরে গলে গেলে জাফরান সুন্দরভাবে ভিজে তার রং ও সুগন্ধ বের হবে।
ধাপ ২: কাবাবের মিশ্রণ তৈরি
একটি বড় পাত্রে কিমা করা মাংস ভালোভাবে মথে নিন। যদি দুই ধরনের মাংস ব্যবহার করেন, তাহলে সেগুলো যেন পুরোপুরি মিশে একসঙ্গে একটি সমান মিশ্রণ তৈরি করে, সেদিকে খেয়াল রাখুন। এরপর ঝরিয়ে রাখা পেঁয়াজ, ভেজানো জাফরান, গোলমরিচ ও লবণ দিয়ে আবার ভালোভাবে মেখে নরম মণ্ড তৈরি করুন। মিশ্রণ প্রস্তুত হলে পাত্রটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দুই থেকে তিন ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।
ধাপ ৩: শিকে কাবাব গাঁথা
দুই-তিন ঘণ্টা পরে মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে শিকে গাঁথার জন্য প্রস্তুত করুন। পাশে একটি ঠান্ডা পানির বাটি রাখুন। হাত ঠান্ডা পানিতে ভিজিয়ে কাবাবের মিশ্রণ থেকে এক মুঠো নিয়ে গোল বলের মতো বানান। এরপর একটি চওড়া ধাতব শিকের মাঝখানে বলটি চেপে লাগিয়ে দিন। তারপর বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে ধীরে ধীরে মাংসটি পুরো শিকজুড়ে সমানভাবে ছড়িয়ে দিন। শুনতে সহজ মনে হলেও, শিকে সুন্দরভাবে কাবাব লাগানো একটি দক্ষতার কাজ এবং এর জন্য কিছুটা অভ্যাসের প্রয়োজন হয়।
শিকে কাবাব লাগানোর কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ
- শিকে মাংস লাগানোর পর দুই প্রান্ত একটু বেশি চেপে দিন। এতে রান্নার সময় মাংস সহজে খুলে পড়বে না।
- শিকের একেবারে শুরু ও শেষ পর্যন্ত মাংস লাগাবেন না। কিছুটা ফাঁকা রাখুন, যাতে শিক ধরতে ও ঘোরাতে সুবিধা হয়।
- কাবাবের পুরুত্ব পুরো শিকজুড়ে সমান রাখুন। প্রায় ১ সেন্টিমিটার পুরু হলে সমানভাবে সেদ্ধ হবে।
- শিকে গাঁথার পর আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে কাবাব আরও ভালোভাবে সেট হবে এবং রান্না করাও সহজ হবে। এ জন্য শিকগুলো এমনভাবে ট্রেতে রাখুন যেন মাংস ট্রের তলায় না লাগে। তারপর আরেকটি ট্রে দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন।
ধাপ ৪: কাবাব গ্রিল করা
শিকগুলো কাবাবের চুলা বা বারবিকিউ গ্রিলের ওপর রাখুন। শুরুর দিকে আগুন একটু বেশি রাখুন এবং দ্রুত শিকগুলো উল্টে-পাল্টে দিন। এতে মাংস শক্ত হয়ে শিক থেকে খুলে পড়বে না। কাবাব কিছুটা শক্ত হয়ে এলে আগুন মাঝারি করে দিন এবং বারবার ঘুরিয়ে সব দিক সমানভাবে সেঁকে সম্পূর্ণ রান্না করুন। খেয়াল রাখবেন, যদি এক পাশ পুরোপুরি সেঁকে ফেলেন অথচ অন্য পাশ কাঁচা থাকে, তাহলে মাংস শিক থেকে আলাদা হয়ে যেতে পারে।
ধাপ ৫: পরিবেশনের জন্য প্রস্তুত
কাবাব ভালোভাবে সেঁকা হয়ে গেলে একটি রুটির ওপর রাখুন। এরপর ধীরে ধীরে শিক টেনে বের করে নিন। এবার সুস্বাদু ইরানি কুবিদে কাবাব পরিবেশনের জন্য প্রস্তুত।
কুবিদে কাবাব তৈরির কিছু টিপস
- মাংস যত বেশি বার কিমা করা হবে, কাবাবের মিশ্রণ তত বেশি নরম ও আঠালো হবে। তাই সম্ভব হলে মাংস দুই বা তিনবার কিমা করুন।
- যদিও হলুদ ইরানের অনেক খাবারে ব্যবহার করা হয়, কুবিদে কাবাবে কখনোই হলুদ ব্যবহার করা হয় না। কারণ এতে কাবাবের আসল স্বাদ বদলে যায়।
- যদি একেবারে নতুন শিক ব্যবহার করেন, তবে আগে অল্প গরম করে ঠান্ডা হতে দিন। এরপর কাবাব গাঁথুন। এতে মাংস শিকের সঙ্গে আরও ভালোভাবে লেগে থাকবে।
কুবিদে কাবাব পরিবেশন
কুবিদে কাবাব গ্রিল থেকে নামানোর পরই খাওয়া যায়। তবে ইরানি রাঁধুনিরা পরিবেশনের আগে এটি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেন, যাতে খাবারটি যেমন সুস্বাদু হয়, তেমনি দেখতে আকর্ষণীয়ও লাগে। সাধারণত ইরানে কুবিদে কাবাব দুইভাবে পরিবেশন করা হয়।
১. রুটির সঙ্গে পরিবেশন
কাবাবগুলো একটি বড় পরিবেশন পাত্রে সাজিয়ে টেবিলে আনা হয়। এরপর প্রত্যেকে নিজের প্লেটে একটি বা একাধিক কাবাব নিয়ে ছোট ছোট টুকরো করে রুটির সঙ্গে খায়।
২. ভাতের সঙ্গে পরিবেশন (চেলো কাবাব)
কুবিদে কাবাব ভাতের সঙ্গেও পরিবেশন করা হয়। এভাবে পরিবেশন করলে একে চেলো কাবাব বলা হয়। সাধারণত গরম ভাতের ওপর একটি ছোট টুকরো মাখন রাখা হয়। মাখন ধীরে ধীরে গলে ভাতের সঙ্গে মিশে যায়, ফলে ভাত আরও সুগন্ধি ও সুস্বাদু হয়ে ওঠে। কুবিদে কাবাবের স্বাদ বাড়াতে ও সাজানোর জন্য সুমাক ব্যবহার করা হয়। এটি কাবাবের ওপর ছিটিয়ে পরিবেশন করা হয়।
এ ছাড়া কাঁচা পেঁয়াজ, ধনেপাতা (বা পার্সলে) এবং তুলসীজাতীয় সুগন্ধি পাতা (রেহান) কুবিদে কাবাবের সঙ্গে সবচেয়ে জনপ্রিয় অনুষঙ্গ। অনেকে কাবাবের ওপর তাজা লেবুর রস ছিটিয়ে খেতে পছন্দ করেন, এতে এর স্বাদ আরও সতেজ ও মুখরোচক হয়। কুবিদে কাবাবের সঙ্গে অনেক সময় ইরানি দইয়ের শরবত (দুঘ) পরিবেশন করা হয়। শুকনো পুদিনার গুঁড়ো বা বিভিন্ন স্থানীয় সুগন্ধি ভেষজ মিশিয়ে এই পানীয়ের স্বাদ আরও বাড়ানো হয়। সুস্বাদু কুবিদে কাবাবের সঙ্গে ঠান্ডা দুঘের এই পরিবেশন ইরানি খাবারের অন্যতম জনপ্রিয় সমন্বয়।
| কুবিদে কাবাব: সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার | |
| Meal | |
| Registration | No registration |

