ইরানের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ
রেডিও তেহরান বাংলা বিভাগের সাবেক প্রধানের সঙ্গে সাংস্কৃতিক কাউন্সেলরের সাক্ষাৎ
বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মোলায়ী আরানি এবং রেডিও তেহরান বাংলা বিভাগের সাবেক প্রধান ও প্রবীণ সাংবাদিক জনাব সিরাজুল ইসলাম-এর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে ইরানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বাংলাদেশের জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
ঢাকা, ১৩ জুলাই ২০২৬: বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মোলায়ী আরানি এবং রেডিও তেহরান বাংলা বিভাগের সাবেক প্রধান ও প্রবীণ সাংবাদিক জনাব সিরাজুল ইসলাম-এর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে ইরানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বাংলাদেশের জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে জনাব সিরাজুল ইসলাম তেহরানের বাংলা রেডিও বিভাগে কর্মরত থাকাকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ইরানের ইতিহাস, সংস্কৃতি এবং অন্যান্য ইতিবাচক দিক তুলে ধরার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সাংবাদিকতায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতেও বাংলাদেশের জনগণের কাছে ইরানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও বিস্তৃতভাবে পরিচিত করতে আগ্রহ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরে ইরানকে ইতিবাচকভাবে পরিচিত করার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে সবচেয়ে কার্যকর মাধ্যম। এ লক্ষ্যে তিনি একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইরানবিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরছেন এবং ভবিষ্যতে আরও উন্নত মানের বিষয়বস্তু নিয়ে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে জনাব সিরাজুল ইসলাম তাঁর রচিত ‘ইরান’ শীর্ষক গ্রন্থের একটি কপি সাংস্কৃতিক কাউন্সেলরের কাছে উপহার হিসেবে প্রদান করেন। একই সঙ্গে তিনি নিয়মিত নিউজলেটার প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, অতীতে এই নিউজলেটারের মাধ্যমে বাংলাদেশের মানুষ ইরান সম্পর্কে নির্ভরযোগ্য ও সমৃদ্ধ তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছিল।
এ সময় সাংস্কৃতিক কাউন্সেলর জনাব মেহদি মোলায়ী আরানি, জনাব সিরাজুল ইসলামকে সাংস্কৃতিক কাউন্সেলর কার্যালয়ে আগমনের জন্য এবং মূল্যবান গ্রন্থ উপহার দেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জনাব সিরাজুল ইসলামের দীর্ঘ সাংবাদিকতা-অভিজ্ঞতা এবং গণমাধ্যমের সঙ্গে সুদৃঢ় যোগাযোগ বাংলাদেশের জনগণের কাছে ইরান সম্পর্কে সঠিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, নতুন দৃষ্টিভঙ্গি ও বিষয়বস্তুর সমন্বয়ে ভবিষ্যতে নিয়মিত নিউজলেটার প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি জনাব সিরাজুল ইসলামের ইউটিউব চ্যানেলে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তাব দেন।
.