• Aug 6 2026 - 08:49
  • 9
  • : 1 minute(s)

ইরান-বাংলাদেশ চলচ্চিত্র সহযোগিতা জোরদারে ব্লকবাস্টার সিনেমাসে সৌজন্য সাক্ষাৎ

আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকায় ‘ইরান চলচ্চিত্র সপ্তাহ’ আয়োজনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি প্রকাশ করা হয়। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের জন্য সমসাময়িক ইরানি চলচ্চিত্র, অ্যানিমেশন এবং নির্বাচিত ক্লাসিক চলচ্চিত্র প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

6314217355738812572

ঢাকা, ০২ আগস্ট ২০২৬ (রবিবার): ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী আরানি এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস-এর নির্বাহী পরিচালক জনাব রবেত খান-এর মধ্যে এক আন্তরিক ও ফলপ্রসূ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী আরানি বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে চলচ্চিত্রভিত্তিক সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের মধ্যে চলচ্চিত্র বিনিময়, যৌথ সাংস্কৃতিক কার্যক্রম এবং দর্শকদের পারস্পরিক পরিচিতি বৃদ্ধির মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বৈঠকটি অনুষ্ঠিত হয় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক-এ, যেখানে অবস্থিত আধুনিক মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস। আলোচনায় জনাব রবেত খান ইরানি চলচ্চিত্রের প্রতি তাঁর দীর্ঘদিনের আগ্রহের কথা তুলে ধরেন। তিনি জানান, শৈশব ও কৈশোরে ঢাকাস্থ ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে নিয়মিত ইরানি চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করা তাঁর সাংস্কৃতিক জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল। তিনি ইরানি চলচ্চিত্রের শিল্পমান, মানবিক মূল্যবোধ এবং নান্দনিক উপস্থাপনার উচ্চ প্রশংসা করেন।

বৈঠকে ইরানি চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ, অ্যানিমেশন এবং শিশু-কিশোর উপযোগী কনটেন্ট বাংলাদেশে প্রদর্শনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিদ্ধান্ত হয় যে, গত কয়েক বছরে নির্মিত নির্বাচিত ইরানি চলচ্চিত্র ও অ্যানিমেশনের একটি তালিকা পর্যালোচনার পর ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, সংশ্লিষ্ট ইরানি প্রতিষ্ঠান এবং বাংলাদেশি আয়োজকদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চলচ্চিত্র নির্বাচন, প্রদর্শনী আয়োজন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক চূড়ান্ত করা হবে।

এছাড়া আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকায় ইরান চলচ্চিত্র সপ্তাহ আয়োজনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি প্রকাশ করা হয়। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের জন্য সমসাময়িক ইরানি চলচ্চিত্র, অ্যানিমেশন এবং নির্বাচিত ক্লাসিক চলচ্চিত্র প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দুই দেশের চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, নির্মাতা, পরিবেশক এবং সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও আলোচনা করা হয়।

বৈঠক শেষে কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী আরানি ব্লকবাস্টার সিনেমাসের সাতটি আধুনিক সিনেমা হল পরিদর্শন করেন এবং হলগুলোর প্রযুক্তিগত অবকাঠামো, দর্শকসেবা ও আধুনিক প্রদর্শন ব্যবস্থার প্রশংসা করেন। উভয় পক্ষই ভবিষ্যতে নিয়মিত চলচ্চিত্র উৎসব, বিশেষ প্রদর্শনী এবং সাংস্কৃতিক বিনিময়মূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে ইরান ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: